ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৬: কলকাতায় প্রথমবার আয়োজিত হতে চলেছে দেশের বৃহত্তম আন্তর্জাতিক শক্তি ও জ্বালানি বিষয়ক প্রদর্শনী ও সম্মেলন ‘ভারত শক্তি সপ্তাহ’। আগামী ২০২৭ সালের ২৮ থেকে ৩১ জানুয়ারি এই মেগা সম্মেলন বসবে কলকাতার মাটিতে। সোমবার ‘কার্টেন রাইজার’ অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যে শিল্প পুনরুজ্জীবন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারের বড় পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলায় শিল্পে হারানো গৌরব ফিরিয়ে আনতে এই বিশ্বমানের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি অশোকনগরের তেল উত্তোলন প্রকল্প এবং হলদিয়া রিফাইনারির সম্প্রসারণের মতো একাধিক পরিকাঠামোগত প্রকল্পের চিত্র তুলে ধরেন। তাঁর কথায়, এই বৃহৎ প্রকল্পগুলির হাত ধরে আগামী দিনে শক্তি ক্ষেত্রে এ রাজ্যে বিপুল আন্তর্জাতিক লগ্নি ও প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজ্যের প্রাক্তন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার রাজনৈতিক কারণে লাভজনক শিল্প প্রকল্প চালু করতে দেয়নি।
কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেগুলি সফল রূপ দেওয়া হবে। জ্বালানি ও শক্তি সেক্টরে আগামী দিনে বিপুল বিনিয়োগ আসবে বলে তিনি আশাপ্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, শুভেন্দুর দক্ষ নেতৃত্বে রাজ্যে শিল্প ও বিনিয়োগ আসতে বাধ্য। মোদীজির দেখানো প্রগতির পথ ধরেই নতুন উচ্চতায় পৌঁছবে বাংলা। এই সম্মেলন কলকাতার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।








