: পরিবর্তনের বাংলায় হাওড়া কমিশনারেট এলাকায় দুর্গাপুজোর সংখ্যায় এবার রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গতবারের তুলনায় এবার অতিরিক্ত প্রায় ৩৫০টি নতুন পুজো যুক্ত হয়েছে, যা উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। সোমবার হাওড়ার শরৎ সদনে আসন্ন দুর্গাপুজো নিয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। হাওড়া কমিশনারেট এলাকার সমস্ত পুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপ্রিয়া, পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী সহ সিইএসসি ও দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত বছর ১৪৭৬টি পুজো হয়েছিল। এবার অতিরিক্ত প্রায় সাড়ে তিনশোটি পুজো যুক্ত হওয়ায় মোট পুজোর সংখ্যা ১৮০০ ছাড়িয়ে যাবে। সরকারি পোর্টালের মাধ্যমে পুজোর অনুমতি দেওয়া হচ্ছে। এই বৈঠকে বেশ কিছু নতুন বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পুজোয় কোনো ধরনের জুলুমবাজি বা জোর করে চাঁদা আদায় করা যাবে না। এছাড়াও, বিসর্জনের সময় ডিজে বাজানো বা ক্রেন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্মী পুজোর আগেই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত পুজো কমিটিগুলিকে পুলিশ প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার আবেদন জানানো হয়েছে। মণ্ডপের কাছে আমিষ খাবার নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে পুলিশ কমিশনার কোনো মন্তব্য করতে চাননি।








