বৃষ্টির ভ্রুকুটি: দুর্গাপুজোর আগে প্রতিমা ও চুলের কাজে চরম দুশ্চিন্তায় কারিগররা

দুর্গাপুজোর আগে বৃষ্টিতে প্রতিমা ও চুলের কাজে চরম বিপাকে হাওড়া ও কুমারটুলির কারিগররা। সময়মতো প্রতিমা মণ্ডপে পৌঁছানো নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

Share:

ব্যুরো নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৬:  দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকদিন। মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছানোর প্রস্তুতি এখন তুঙ্গে। এই ব্যস্ততার মাঝেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রতিমা শিল্পী ও কারিগররা। হাওড়ার বড়গাছিয়া পূর্বপাড়া ও পার্বতীপুর মল্লিকপাড়ার বহু পরিবার দীর্ঘদিন ধরে প্রতিমার চুল তৈরির শিল্পের সঙ্গে যুক্ত। পুজোর প্রায় চার মাস আগে থেকেই তাঁদের কাজের চাপ বাড়তে শুরু করে। কিন্তু এ বছর অতিরিক্ত বৃষ্টিতে সেই কাজে কিছুটা ছন্দপতন ঘটেছে বলে জানাচ্ছেন কারিগররা। তাঁদের কথায়, পাটের আঁশ কালো রং করে প্রথমে রোদে শুকিয়ে নেওয়া হয়। এরপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা থেকে তৈরি হয় প্রতিমার চুল।

এই কাজের সঙ্গে এলাকার বহু পরিবারের পাশাপাশি বাড়ির মহিলারাও যুক্ত। সারা বছর কাজ চললেও দুর্গাপুজোর আগে কয়েক মাস চাহিদা বেড়ে যায়। কিন্তু এ বছর বারবার বৃষ্টিতে পাট ভিজে যাওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। মূলত রোদের উপর নির্ভরশীল এই কাজে শুকনোর সময়ও বাড়ছে। ফলে রোদ-বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে কারিগরদের। একই অবস্থা হাওড়ার পাশাপাশি কলকাতার কুমারটুলি সহ বিভিন্ন জেলার পটুয়াপাড়া গুলিতে। একটানা বৃষ্টিতে প্রতিমা শুকাতে এবং রং করতে বাধা প্রাপ্ত হচ্ছেন মৃৎশিল্পীরা। ফের যদি বৃষ্টি শুরু হয়, সে ক্ষেত্রে সময়মতো প্রতিমা তৈরি করে মণ্ডপে পৌঁছানোর ক্ষেত্রে রয়েছে চরম দুশ্চিন্তা। কারিগরদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ প্রকৃতির খেয়ালে তাঁদের পরিশ্রমের ফল অনিশ্চিত হয়ে পড়েছে।