দুর্গাপুজো দুর্নীতি: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি, ১৫ ঠিকানায় তল্লাশি

দুর্গাপুজো দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি। ইউনেস্কোর নাম ভাঙিয়ে টিকিট বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৬:  ইডির নজরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতিকে কাজে লাগিয়ে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকে তাঁর কসবার বাড়ি-সহ শহরের ১৫টি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, ২০২১ সালে দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর থেকেই একটি বিশেষ চক্র সক্রিয় হয়। ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইউনেস্কোর নাম ভাঙিয়ে ‘প্রি-পুজো’ এবং ‘প্রিভিউ শো’-এর চড়া দামের টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

জানা গিয়েছে, ২০২২ সাল নাগাদ মন্ত্রীর স্ত্রীর উদ্যোগে একটি সংস্থা গড়ে তোলা হয়, যার কাজ ছিল পুজো শুরুর আগে দর্শনার্থীদের কাছে বিশেষ টিকিট বিক্রি করা। এই সংস্থা দাবি করত, তাদের উদ্যোগ ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে নেওয়া হয়েছে, যা আদতে মিথ্যা ছিল। অভিযোগকারী জানিয়েছেন, গত তিন বছরে এই টিকিট বিক্রি থেকে ৩ থেকে ৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

এই টাকার সিংহভাগই ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর পকেটে যেত বলে অভিযোগ। ইডি আধিকারিকরা ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি ছাড়াও হিন্দুস্তান পার্কের এক আত্মীয়ের বাড়ি এবং হাইল্যান্ড পার্কের এক ইভেন্ট ম্যানেজারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন। প্রাক্তন মন্ত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও ইন্দ্রনীল সেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। দুটি এফআইআর-এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে ইডি এই বিপুল দুর্নীতির তদন্ত শুরু করেছে।