ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের প্রচার চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, সোমবার ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর প্রচার মিছিলে দলের এক নেতা হুডখোলা গাড়ি থেকে লজেন্স ও চকলেট ছুড়ে দিচ্ছিলেন। সেই লজেন্স কুড়োনোর হুড়োহুড়িতেই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের প্রচার মিছিলটি রেজিনগর এলাকায় চলছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি থেকে লজেন্স ছোড়া মাত্রই শিশুরা সেগুলি কুড়োনোর জন্য একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। সেই হুড়োহুড়ির মাঝেই আচমকা মাটিতে পড়ে যায় একটি শিশু। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে রেজিনগর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে (এনআরএস) স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রেজিনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচনী প্রচারের নামে এভাবে লজেন্স ছোড়া কতটা দায়িত্বজ্ঞানহীন আচরণ, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা ও সাধারণ মানুষ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর তরফে অবশ্য এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।








