ব্যুরো নিউজ, ৩ অক্টোবর ২০২৬: বেহাল রাস্তা, ধুলোর দাপট এবং কয়লাবোঝাই লরির লাগাতার যাতায়াত। এই তিন সমস্যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল পাণ্ডবেশ্বরের শ্যামসুন্দরপুর এলাকায়। শনিবার সকালে সরপি-শ্যামসুন্দরপুর হয়ে কুমারডিহি যাওয়ার রাস্তায় কয়লাবোঝাই লরি আটকে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, ইসিএলের কয়লা পরিবহনের ভারী গাড়ি চলাচলের জেরে রাস্তার অবস্থা শোচনীয়। এর ফলে একদিকে যেমন ধুলোয় দূষণ বাড়ছে, তেমনই আদিবাসী পাড়ার উপর দিয়ে নিয়মিত লরি চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়দের দাবি, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন তাঁরা। রাস্তার উপর কোনও কয়লাবোঝাই লরি বিকল হয়ে পড়লে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এ দিন সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা লরি আটকে বিক্ষোভ শুরু করেন এবং অবিলম্বে রাস্তা মেরামতির দাবি জানান। পাশাপাশি, পাড়ার ভিতর দিয়ে কয়লাবোঝাই গাড়ি চলাচল বন্ধ করে বিকল্প রাস্তা ব্যবহারেরও দাবি তোলেন তাঁরা। দাবি পূরণ না হলে এই রাস্তা দিয়ে কোনও ভাবেই কয়লাবোঝাই লরি চলাচল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অন্য দিকে, ইসিএলের এক আধিকারিক মধুসূদন সিং জানান, প্রবল বৃষ্টির কারণে ইসিএলের পরিবহণের মূল রাস্তা খারাপ হয়ে যাওয়ায় সাময়িক ভাবে শ্যামসুন্দরপুরের এই রাস্তা ব্যবহার করা হচ্ছিল।
তিনি দ্রুত রাস্তা মেরামতির কাজ শেষ হওয়ার আশ্বাস দেন এবং জানান যে শনিবার দুপুর থেকেই সম্ভবত ওই রাস্তা দিয়ে আর কয়লাবোঝাই গাড়ি চলবে না। বিকল্প রাস্তা দিয়েই পরিবহণের ব্যবস্থা করা হবে। ইসিএল কর্তৃপক্ষের এই আশ্বাসের পর শেষ পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।









