জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিলের পরই কোচবিহারের মাথাভাঙায় সিপিএম পার্টি অফিস গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা

কোচবিহারের মাথাভাঙায় সিপিএম পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর। জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে মিছিলের পরই এই ঘটনা। অভিযোগের তির বিজেপির দিকে।

Share:

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর ২০২৬: কোচবিহারের মাথাভাঙায় ফের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

শনিবার গভীর রাতে মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোড়পাটকির গোলকগঞ্জ বাজার এলাকায় সিপিএমের একটি দীর্ঘদিনের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। দুষ্কৃতীরা কার্যালয়ের দরজা, দেওয়াল এবং ভিতরের সমস্ত আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়। চেয়ার-টেবিল, আলমারি থেকে শুরু করে দেওয়ালে টাঙানো ছবি ও গুরুত্বপূর্ণ নথিও অক্ষত থাকেনি।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। সিপিএম নেতৃত্বের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় মাথাভাঙায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল সিপিএম। সেই মিছিল শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়।

বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, অন্নপূর্ণা যোজনায় এখনও অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করে অর্থ প্রদান এবং লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবিও ছিল ওই প্রতিবাদ মিছিলে। সিপিএমের দাবি, এই হামলা বিজেপির দুষ্কৃতীরাই চালিয়েছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই এবং এটি সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

বিরাটি ও দত্তপুকুরের পর এবার কোচবিহারের মাথাভাঙায় এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন তুলেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।