ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬ঃ অন্ডালের রিয়েল কাজোড়া নামু সেন্টার এলাকায় রবিবার ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বঙ্গীয় হিন্দু সেনার কর্মী কেশব নাথ দাঁ জানান, সূত্র মারফত তাঁরা খবর পান যে, ওই এলাকায় অন্য ধর্মের কিছু মানুষ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মান্তরিত করার চেষ্টা করছেন। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং এই কথিত ধর্মান্তরকরণের অভিযোগের প্রতিবাদ করেন। কেশব নাথ দাঁর দাবি, এলাকার বেশ কিছু গরিব মানুষকে টার্গেট করে এই ধরনের ধর্মান্তরকরণের চেষ্টা চলছিল। হিন্দু সেনার কর্মীরা স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝান এবং এরপর অন্ডাল থানায় খবর দেন। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলা ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। তবে, ধর্মান্তরকরণের অভিযোগের সত্যতা নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্ডাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক মহিলা ও পুরুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে, এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে কিনা বা এর পেছনে কোনও বৃহত্তর চক্রের হাত রয়েছে কিনা। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।








