ঝাড়গ্রামে ফের জলে বিপত্তি: পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ ২ যুবক, এলাকায় চাঞ্চল্য

ঝাড়গ্রামের জারালাটায় পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ দুই যুবক। বেলপাহাড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জলে বিপত্তি। চলছে উদ্ধারকাজ।

Share:

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬ঃ ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘাঘরার মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জলে বিপত্তি। এবার ঝাড়গ্রামের জারালাটা এলাকায় পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ হলেন দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়তেই পুকুর পাড়ে ভিড় জমান বহু মানুষ। জানা গিয়েছে, রবিবার সকালে তিন বন্ধু বাইকে করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছিলেন। জারালাটার কাছে ক্যানেলের রাস্তার ধারে একটি পুকুরে তাঁরা স্নান করতে নামেন। সেই সময় আচমকাই জলের গভীরে তলিয়ে যান দুই যুবক। তাঁদের সঙ্গে থাকা তৃতীয় বন্ধু কৃষ্ণেন্দু সিনা কোনওরকমে প্রাণে বাঁচতে সক্ষম হন। তিনিই স্থানীয়দের খবর দেন।

নিখোঁজ দুই যুবকের নাম কুমারেশ দাস, তাঁর বাড়ি রঘুনাথপুরে। অন্যজন হলেন সোমরাজ দে, তাঁর বাবা রাজেশ দে এবং বাড়ি জামদা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজ যুবকদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। স্থানীয়দের মতে, পুকুরের গভীরতা অনেকটাই বেশি, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান পুরোদমে চলছে এবং দ্রুত নিখোঁজদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই যুবকের পরিবারে।