ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা! ফর্ম ৬-এর পরিবর্তন এবং এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন)-এর সর্বসম্মত সিদ্ধান্ত না হলে তাতে স্থগিতাদেশ নিয়ে সোমবার নির্বাচন কমিশনকে (ECI) নোটিস জারি করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ফর্ম ৬-এ কোনও রকম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি। যদি কোনও বদল হয়ে থাকে, তবে তা কার নির্দেশে করা হয়েছে, তা জানতে চেয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ উঠে আসে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।
অভিযোগ, বাকি দুই কমিশনারের আপত্তি সত্ত্বেও তিনি একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন ভোটারের নাম তোলার জন্য ফর্ম ৬-এ বিশেষ বদল করা হয়, যা অন্য দুই কমিশনারের অজানা ছিল। এই প্রতিবেদনকে হাতিয়ার করে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলাও রুজু হয়েছে। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।








