৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত, প্রশান্ত বর্মনকে কড়া নির্দেশ হাইকোর্টের

প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। অন্যথায় সম্পত্তি বাজেয়াপ্ত ও বেতন বন্ধের কড়া হুঁশিয়ারি আদালতের।

Share:

ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। একইসঙ্গে, সরকারি কোষাগার থেকে তাঁর বেতন বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, একজন অভিযুক্ত দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকা সত্ত্বেও কীভাবে সরকারি কোষাগার থেকে তাঁর বেতন দেওয়া হচ্ছে? পুলিশ কেন তাঁকে গ্রেফতার করতে পারছে না, সেই প্রশ্নও ওঠে।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রশান্ত বর্মনের বেতন আর দেওয়া যাবে না এবং অনন্তকাল অপেক্ষা করবে না আদালত। আদালত আরও নির্দেশ দিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির বিস্তারিত তালিকা তৈরি করে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া শুরু হবে। লুকিয়ে থেকে অভিযুক্ত আর পাড় পাবে না। এই মামলার তদন্তের অগ্রগতি নিয়েও আদালত জানতে চেয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডি-কে পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল হাই কোর্ট, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি ধরা দেন কি না, সেটাই দেখার বিষয়।