টিটাগড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাক্তন কাউন্সিলরের মেয়ে সহ ২ জনের মৃত্যু, আহত ২

টিটাগড়ে গভীর রাতে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাক্তন কাউন্সিলরের মেয়ে সহ ২ জনের মৃত্যু। আহত আরও ২ জন। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: গভীর রাতে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ির ডিভাইডারে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলরের মেয়ে সহ দু’জন। আহত হয়েছেন আরও দু’জন, যাদের অবস্থা আশঙ্কাজনক। সোমবার গভীর রাত দেড়টা নাগাদ ব্যারাকপুর থেকে সোদপুরগামী বিটি রোডের উপর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। টিটাগড়ের লুমটেক্স জুট মিলের উল্টোদিকে WBACDCL-এর পাওয়ার সাব স্টেশনের সামনে একটি হোন্ডা সিটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি ১২০ কিলোমিটারের বেশি গতিতে ছুটছিল এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিক অনুমান। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। গাড়ির এয়ারব্যাগ খুলে গেলেও যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় টিটাগড় পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজেন্দ্র সোনকারের মেয়ে গুনগুন সোনকারের। বলরাম হাসপাতাল থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করার পর হাওড়ার সালকিয়ার বাসিন্দা সুজিত গুপ্তারও মৃত্যু হয়। আহত লিলুয়ার রবিকুমার রাম ও সন্দীপ গিরি বলরাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছেন। তাঁদের অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি আটক করেছে এবং ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।