ব্যুরো নিউজ, ৮ অক্টোবর ২০২৬: হাওড়ার সাঁকরাইলে এক মর্মান্তিক ঘটনায় রাস্তা বিবাদকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২ মাসের গর্ভপাতের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাঁকরাইলের রাধা দাসী এলাকার বাসিন্দা রমত মল্লিকের অভিযোগ, জলের পাইপ বসানো নিয়ে প্রতিবেশীর সঙ্গে তাদের বচসা চলছিল। সেই সময় তার স্ত্রী বচসা থামাতে এগিয়ে এলে অভিযুক্ত ফারহান মোল্লা ওরফে রমি মোল্লা তার পেটে সজোরে লাথি মারে। পরিবারের দাবি, লাথি মারার সঙ্গে সঙ্গেই ওই মহিলার রক্তপাত শুরু হয়।
তিনি ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং দীর্ঘ ১০ বছর পর তাদের সন্তান আসার কথা ছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, গর্ভ নষ্ট হয়ে গেছে। এই ঘটনার পর নির্যাতিতার পরিবার সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্ত রমি মোল্লা ওরফে ফারহান মোল্লা, রবি মোল্লা এবং সুরজ মোল্লাকে গ্রেফতার করেছে। আজ তাদের হাওড়া আদালতে পেশ করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও নির্যাতিতার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।








