ব্যুরো নিউজ, ৮ অক্টোবর ২০২৬: মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার পুলিশ। সাগরদিঘি থানা এলাকার ধুমার পাহাড়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই সাফল্যে জেলায় মাদক কারবারের বিরুদ্ধে কড়া বার্তা পৌঁছেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ধুমার পাহাড় এলাকায় বিশেষ নজরদারি শুরু করে। রঘুনাথগঞ্জের দিক থেকে আসা দুই সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তল্লাশি চালায়। এরপরই তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। ধৃত দুই মাদক কারবারির নাম অজিত রবিদাস এবং শ্রীনাথ মণ্ডল। তাদের দুজনেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, এই মাদক কারবারিরা ঠিক কার কাছে এই হেরোইন ডেলিভারি দিতে এসেছিল এবং এই আন্তর্জাতিক বা রাজ্যভিত্তিক মাদক চক্রের পেছনে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুঙ্খানুপুঙ্খ জেরা শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। এই চক্রের মূল পান্ডাদের ধরতে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।








