ব্যুরো নিউজ, ৮ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোয় মণ্ডপে দর্শনার্থী ও সাধারণ যাত্রীদের জন্য বিরাট সুখবর শোনাল কলকাতা মেট্রো রেলওয়ে। মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত শহরের প্রতিটি মেট্রো রুটেই (ব্লু, গ্রীন, পার্পল, ইয়েলো এবং অরেঞ্জ লাইন) বিশেষ পরিষেবা চালানো হবে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি হল, মহাসপ্তমী, মহাঅষ্টমী এবং মহানবমীতে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রীন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)-এ সারারাত ধরে পরিষেবা মিলবে। এই তিন দিন দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত ট্রেন চলবে, যা যাত্রীদের গভীর রাতেও ঠাকুর দেখার সুযোগ করে দেবে। ব্লু লাইনে এই তিন দিন মোট ২৪৮টি নাইট-লং পরিষেবা (১২৪টি আপ ও ১২৪টি ডাউন) চালানো হবে এবং পিক আওয়ারে প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ এড়াতে এবং কাউন্টারে ভিড় কমাতে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে কিউআর টিকিট বুকিং অথবা স্মার্ট কার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে ব্লু লাইনে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং গ্রীন লাইনে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রেন চলবে। এই দিনগুলিতে পিক আওয়ারে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো মিলবে। বিজয়া দশমীর দিন ব্লু লাইনে দুপুর ১টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত ১৪০টি পরিষেবা মিলবে এবং গ্রীন লাইনে দুপুর ১:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত ৭৪টি ট্রেন চলবে। এই বিশেষ সময়সূচি কলকাতার উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে তুলবে এবং লক্ষ লক্ষ মানুষ নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।








