বর্ধমান: মোহন ভাগবত ও শুভেন্দু অধিকারীর দেড় ঘণ্টার গোপন বৈঠক ঘিরে তীব্র জল্পনা

বর্ধমান: আরএসএস প্রধান মোহন ভাগবত ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেড় ঘণ্টার গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। আলোচনার বিষয় নিয়ে নীরব দুই পক্ষ।

Share:

ব্যুরো নিউজ, ৯ অক্টোবর ২০২৬: আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রায় দেড় ঘণ্টার এক গোপন বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বর্ধমানের উল্লাসে সংঘের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মোহন ভগবতের তিন দিনের বঙ্গ সফরের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

সূত্রের খবর, মোহন ভগবতের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি কোনও পক্ষই। বৈঠকের গোপনীয়তা আরও জল্পনা বাড়িয়েছে। বৈঠক শেষে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে একাধিক প্রশ্ন করলেও তিনি কোনও উত্তর দেননি। শুধু আকাশের দিকে আঙুল তুলে একটি ইঙ্গিতপূর্ণ ভঙ্গি করতে দেখা যায় তাঁকে, যা আরও রহস্য বাড়িয়েছে। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আরএসএসের সাংগঠনিক কর্মসূচি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মোহন ভগবতের একাধিক বৈঠকের মধ্যেই বিরোধী দলনেতার সঙ্গে এই দীর্ঘ বৈঠক জল্পনাকে আরও তীব্র করেছে। রাজনৈতিক মহলের ধারণা, দুর্গাপুজোর আগে সংঘ পরিচালকের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আগামী দিনে রাজ্যে সনাতনী কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এবং তাতে শুভেন্দু অধিকারীর ভূমিকা কেমন থাকবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকতে পারে। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি, তবে এই সাক্ষাৎ আগামী দিনের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।