অভয়া কাণ্ডে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম শুভেন্দুর স্ক্যানারে, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

অভয়া কাণ্ডে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। আর জি করে ঘর ভাঙার নির্দেশের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।

Share:

ব্যুরো নিউজ, ৯ অক্টোবর ২০২৬: অভয়া কাণ্ডে এবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আর জি কর হাসপাতালে এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানান, অভয়ার মৃত্যুর পর হাসপাতালের যে ঘর ভাঙা হয়েছিল, স্বাস্থ্যসচিব সেই নির্দেশ যদি দিয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবারের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।

তিনি এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘর এবং সংলগ্ন শৌচালয়টি ঘটনার পর রাতারাতি কার নির্দেশে ভেঙে দিয়ে সংস্কার করা হল? যে স্বাস্থ্যসচিব এই নির্দেশের নেপথ্যে ছিলেন, তিনি এখনও কীভাবে বহাল তবিয়তে নিজের পদে বসে রয়েছেন?” তিনি আরও প্রশ্ন তোলেন, “এরাই যদি চেয়ারে বসে থাকেন, তবে সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে? আমার মেয়ে সঠিক বিচার পেলে তবেই স্বাস্থ্যদপ্তর দুর্নীতির হাত থেকে মুক্ত হবে।”

শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি এবং অভয়ার মায়ের অভিযোগের পর স্বাস্থ্যদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভয়া কাণ্ডের তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।