ব্যুরো নিউজ, ৯ অক্টোবর ২০২৬: রেজিনগর উপনির্বাচনের ফল ঘোষণার পর রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার বার্তা আগেই দিয়েছিলেন হুমায়ুন কবীর। এবার তিনি দেশান্তরী হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। জানালেন, বাকি জীবন দুবাইয়ে কাটাতে চান। ভালো খাওয়া-দাওয়া করে, সমুদ্রের হাওয়া খেয়ে সুখে-শান্তিতে থেকে সেখানেই কবরস্থ হওয়ার কথা বলেছেন আমজনতা উন্নয়ন পার্টির এই নেতা।
শুক্রবার রেজিনগরে উপনির্বাচনের ভোট গণনা চলাকালীন বিজেপির জয় প্রায় নিশ্চিত হওয়ার পর এবং হুমায়ুনের দল দ্বিতীয় স্থানে থাকার আবহে তিনি এই পরিকল্পনার কথা জানান। হুমায়ুন বলেন, “২০২৯ সালে আমার বয়স ৬৬ হবে। যে ক’দিন বেঁচে থাকব, দুবাই গিয়ে খাবদাব-ঘুরব। সমুদ্রের হাওয়া খাব। সেখানেই কবরস্থ হব।”
গত বছর বাবরি মসজিদ নির্মাণের ধুয়ো তুলে তৃণমূল ছেড়ে আমজনতা উন্নয়ন পার্টি গড়েছিলেন হুমায়ুন। পরে এ বছর বিধানসভা নির্বাচনে নওদা কেন্দ্র থেকে জিতেওছেন। প্রশ্ন ওঠে, তিনি কি প্রতিশ্রুতি পূরণ না করেই দেশান্তরী হবেন? এর উত্তরে বিধায়ক জানান, বাবরি মসজিদ সম্পূর্ণ না করে তিনি কোথাও এক পা নড়বেন না। “মসজিদ কমপ্লিট করে তবেই দুবাই যাব। নিজেই এই দায়িত্ব ঘাড়ে নিয়েছি,” বলেন তিনি।
গত মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন ভোট লুটের অভিযোগ তুলে সরব হয়েছিলেন হুমায়ুন। পুলিশের মদতে ভোট লুটের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরপর তাঁকে গ্রেফতার করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। এই ‘জুলুমবাজদের’ বিরুদ্ধে আর লড়াই করতে পারছেন না জানিয়ে তিনি রাজনীতি থেকে সরে আসার কথা বলেন।
রেজিনগর উপনির্বাচনে প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।








