ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: কাঁকসার পিয়ারীগঞ্জ সংলগ্ন কুনুর নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুটির বেহাল দশা নিয়ে চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি বর্তমানে এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে, যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সকলে। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর অবস্থিত এই সেতুটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন, পণ্যবাহী ট্রাক এবং স্কুল-কলেজের পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার করে।
স্থানীয়দের অভিযোগ, গত এক দশকেরও বেশি সময় ধরে সেতুটির পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। একাধিকবার সাময়িক মেরামতি হলেও সমস্যা ফিরে এসেছে। বিশেষ করে বর্ষার সময় কুনুর নদীতে জল বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত স্থায়ী সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। তবে আশার কথা, এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুনুর সেতুর পাশেই নতুন সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত জানান, পূর্ত দপ্তর জমি অধিগ্রহণ করেছে এবং নতুন সেতু নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছে। নতুন সেতু তৈরি হলেই মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত এই কাজ শুরু করে তাঁদের বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হোক।








