ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: মহালয়ার পুণ্যলগ্নে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার ব্রিগেডের রাজ্য পুলিশের এক অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করেন, ষষ্ঠীর আগেই ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) সহ অক্টোবরের অগ্রিম বেতন হাতে পাবেন সরকারি কর্মীরা। একইসঙ্গে জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী। এদিন ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের অধীনে রাজ্য ও কলকাতা পুলিশের হাতে ৪৫০টি নতুন গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক তুলে দেন শুভেন্দু অধিকারী।
তিনি জানান, প্রতিটি থানায় একটি করে গাড়ি ও বাইক থাকবে এবং আগামী এক বছরের মধ্যে প্রতিটি থানায় চারটি করে গাড়ি ও বাইক দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, গাড়ি চালানোর জন্য ১৫০০ জন চালক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
পূর্ববর্তী তৃণমূল সরকারের পুলিশি ব্যবস্থার সমালোচনা করে শুভেন্দু বলেন, সেই সময় সিভিক নির্ভর ব্যবস্থা ছিল, যা তাঁর সরকার পরিবর্তন করেছে। বিজেপি সরকার না এলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। ওবিসি সংরক্ষণের পদ্ধতিগত ত্রুটি সংশোধনের কথাও জানান মুখ্যমন্ত্রী। থানার পরিকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অনেক থানাই ১০০ বছরের পুরনো বাড়ির মতো, যেখানে চেয়ার-টেবিল ও অগ্নি নির্বাপক ব্যবস্থার সময়সীমা পেরিয়ে গেছে। তিনি এগুলি পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।
রাজ্যের পুলিশ সিবিআই, এনআইএ-এর মতো কাজ করতে সক্ষম বলে মনে করেন মুখ্যমন্ত্রী। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি থেকে বিপুল সম্পত্তি উদ্ধারের উদাহরণ দিয়ে তিনি বলেন, ইডি-সিবিআই-এনআইএ-এর প্রয়োজন কী? রাজ্যে নেশাদ্রব্য বিক্রি ও বাল্যবিবাহ রোধে জিরো টলারেন্সের বার্তা দেন তিনি। পাশাপাশি, তোলাবাজি বন্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলেন, দল-ধর্ম না দেখে সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।








