ব্যুরো নিউজ, ১১ অক্টোবর ২০২৬: নেপালে ফের ভয়াবহ হড়পা বানের কবলে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল। একের পর এক অকস্মাৎ প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে নেপাল।
রবিবার সকালে বুড়ি গণ্ডকী নদীতে আচমকা জলস্তর বৃদ্ধি পেয়ে গোরখা জেলার সল্লেরি বাজার এলাকার বহু বাড়িঘর এবং একাধিক সেতু ভাসিয়ে নিয়ে গেছে। জলস্রোতের তীব্রতা এতটাই ছিল যে চোখের নিমেষে সবকিছু খড়কুটোর মতো ভেসে যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পাহাড়ে ভূমিধ্বসের কারণে নদীর গতিপথ সাময়িকভাবে রুদ্ধ হয়ে জল জমেছিল। এরপর সেই জমা জল হঠাৎ করে বাঁধ ভাঙা স্রোতের মতো নেমে আসায় এই বিপর্যয় ঘটে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে সাম্প্রতিক সময়ে বারবার হড়পা বান ও ভূমিধসের ঘটনা ঘটছে। ভঙ্গুর পার্বত্য ঢাল, অতিবৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ। নদী তীরবর্তী প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ছোট জনবসতিগুলি এই ঝুঁকির মুখে সবচেয়ে বেশি।
রবিবার সকালে বুড়ি গণ্ডকী নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বাড়তে দেখে নদী পাড়ের বাসিন্দারা দ্রুত উঁচু জায়গায় আশ্রয় নেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল গতিতে ধেয়ে আসা কালো কাদার জলরাশি কীভাবে মুহূর্তের মধ্যে বাড়িঘর ও সেতু গ্রাস করে নিচ্ছে। যদিও এই মুহূর্তে নেপালের অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টির কোনও খবর নেই, তাই এই বানের নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।
জাতীয় বিপর্যয় ঝুঁকি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (NDRRMA) রবিবার সকালে একটি সতর্কতা জারি করেছে। এই আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সম্পূর্ণ জানা যায়নি, তবে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।








