ব্যুরো নিউজ, ১১ অক্টোবর ২০২৬: ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে দেশের মধ্যে প্রথমবার সাঁওতালি নাচ ও গানের উপর স্নাতকোত্তর কোর্স চালু হল। আদিবাসী লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে উচ্চশিক্ষার আঙিনায় তুলে ধরতে এই উদ্যোগ এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দুই বছরের মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক সূচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রদীপা ঘোষ জানান, দীর্ঘদিন ধরে সাঁওতালি মাধ্যমের ছাত্র-ছাত্রীরা সাঁওতালি সঙ্গীত ও নৃত্যে স্নাতকোত্তর কোর্স চালুর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা দফতরে আবেদন জানানো হয় এবং সম্প্রতি তার অনুমোদন মিলেছে। উপাচার্য আরও বলেন, সিলেবাস থেকে শুরু করে শিক্ষক নিয়োগের প্রস্তুতি সম্পূর্ণ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, বিধায়ক প্রণত টুডু এবং সাংসদ কালীপদ সরেন। তাঁরা সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে এর গুরুত্ব তুলে ধরেন। এর আগে বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি নাচ ও গানের উপর এক বছরের ডিপ্লোমা ও পিজি ডিপ্লোমা কোর্স চালু ছিল। এবার দুই বছরের পূর্ণাঙ্গ স্নাতকোত্তর কোর্স চালু হওয়ায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইতিমধ্যেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, যা সাঁওতালি সংস্কৃতিপ্রেমীদের জন্য উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
এই পদক্ষেপ রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করল।








