ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: মহিলা পুলিশকর্মীদের নিগ্রহের অভিযোগের পর এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ উঠল। এক অন্তঃসত্ত্বা সাংবাদিকের দাবি, বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন, যার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের চত্বরে ওয়ান ইন্ডিয়া নামে এক ওয়েবসাইটের কর্মী রিচা পরাশর, যিনি তিন মাসের অন্তঃসত্ত্বা, ইন্ডি জোটের খবর সংগ্রহ করতে শীর্ষ আদালতে গিয়েছিলেন। সেখানেই কংগ্রেস ও অন্যান্য দলের নেতাদের জমায়েত হয়েছিল। রিচার অভিযোগ, বিরাট জমায়েতের মধ্যে রাহুল গান্ধী সজোরে তাঁকে ধাক্কা মারেন। তিনি বলেন, “আমার হাত ধরে টেনে ফেলে দেন রাহুল গান্ধী। তাঁর দেহরক্ষীরাও ধাক্কা মেরে আমাকে সরিয়ে দেন।” এই ঘটনার পর রিচাকে হাসপাতালে ভর্তি করা হয়। রিচা পরাশর তাঁর বক্তব্যের সপক্ষে একটি ভিডিও পোস্ট করেছেন, যদিও তাতে তাঁকে পড়ে যেতে দেখা যায়নি।
এই অভিযোগ সামনে আসার পরই বিজেপি নেতারা হাসপাতালে রিচাকে দেখতে যান। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা করে রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।
কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে। এই ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল এবং উত্তপ্ত হয়ে উঠেছে।








