ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর ২০২৬: আমেরিকার শিকাগোয় এক হিন্দু মন্দিরে গণহত্যার ছক কষার অভিযোগে ১৯ বছর বয়সী এক মার্কিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস।
মার্কিন পুলিশের দাবি, ভারতীয়দের প্রতি তীব্র বিদ্বেষ এবং চরমপন্থী মতাদর্শ থেকেই সে এই হামলার পরিকল্পনা করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ই অক্টোবর শিকাগোর ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার ছক কষেছিল আলেকজান্দ্রোস। এই ভয়াবহ পরিকল্পনার কথা সে তার এক সহকর্মীকে জানিয়েছিল। দিনটিকে ‘বিশেষ দিন’ বলেও উল্লেখ করেছিল অভিযুক্ত।
তবে, শেষ মুহূর্তে অস্ত্রের সমস্যার কারণে তার সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যায়। এই বিষয়টিও সে ওই সহকর্মীকে জানায়। ধৃতের কাছ থেকে একাধিক রাইফেল, রাইফেলের ম্যাগাজিন, বডি আর্মার এবং বিভিন্ন সরঞ্জামের ছবি উদ্ধার হয়েছে। এছাড়াও, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে প্রচুর ভারত বিরোধী স্লোগান এবং চরমপন্থী মতাদর্শ লেখা ছিল।
এই ঘটনা আমেরিকার মাটিতে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, এই ষড়যন্ত্রে আর কেউ জড়িত ছিল কিনা।








