ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর ২০২৬: সপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সার্বজনীন পুজোমণ্ডপে পদপিষ্টের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র সন্দীপ বেইজ, তাঁর মা টগর বেইজ এবং মামিমা পিয়ালী প্রামাণিক।
সন্দীপের দিদি আগমনী বেইজ অবশ্য প্রাণে বেঁচে গিয়েছেন। পূর্ব বর্ধমানের বীরপুর থেকে টগর বেইজ তাঁর দুই সন্তান সন্দীপ ও আগমনীকে নিয়ে হুগলির বালিয়ায় বাপের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে শুক্রবার তাঁরা কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলগুলি দেখতে আসেন। রবিবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল।
কিন্তু তার আগেই শনিবার সন্ধ্যায় ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। পরিবার সূত্রে খবর, সন্দীপ, তার মা, দিদি এবং মামিমা সহ মোট ৯ জন প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন। চোরবাগানের পুজো মণ্ডপে ঢোকার পরেই হঠাৎ প্রচণ্ড ঠেলাঠেলি শুরু হয়। প্রবল বৃষ্টির কারণে একদল দর্শনার্থী মণ্ডপের ভিতরে ঢুকে পড়েছিলেন এবং বেরোচ্ছিলেন না।
এরমধ্যেই আরও দর্শনার্থী ঢুকতে শুরু করলে ভিড়ের চাপে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভিড় ঠেলে বেরোতে গিয়ে মাটিতে পড়ে যান সন্দীপ, তাঁর মা ও মামিমা। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঠাকুর দেখতে এসে এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ গোটা পরিবার ও বীরপুর গ্রামের বাসিন্দারা।









