রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা, পুরনো মামলায় ফের বিপাকে অভিনেত্রী

পুরনো মামলায় ফের বিপাকে রাখি সাওয়ান্ত। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ঝাঁসি আদালত। 'রাখি কা ইনসাফ' শো-তে আপত্তিকর মন্তব্যের জেরে এই ঘটনা।

Share:

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর ২০২৬: ফের আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি পুরনো মামলায় উত্তরপ্রদেশের ঝাঁসি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

জানা গিয়েছে, ‘রাখি কা ইনসাফ’ নামের একটি জনপ্রিয় টেলিভিশন শো-তে অংশ নিয়েছিলেন ঝাঁসির প্রেম নগরের বাসিন্দা লক্ষ্মণ। পারিবারিক বিবাদের জেরে তিনি ওই অনুষ্ঠানে এসেছিলেন। অভিযোগ, সেই অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে রাখি সাওয়ান্ত লক্ষ্মণকে উদ্দেশ্য করে বেশ কিছু অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাঁকে ‘নপুংশক’ বলেও কটাক্ষ করা হয়েছিল।

রাখির মন্তব্যের জেরে লক্ষ্মণ মানসিক অবসাদে ভুগতে শুরু করেন এবং সামাজিক হেনস্থার শিকার হন। ২০১০ সালের নভেম্বর মাসেই তাঁর মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর তাঁর মা সাবিত্রী প্রেমনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত শোটির একটি পর্বে রাখি সাওয়ান্ত তাঁর ছেলের বিরুদ্ধে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন। এই ঘটনার পর রাখি সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃত ভাবে অপমান করার ধারায় মামলা রুজু হয়।

আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল মামলার পরবর্তী প্রক্রিয়ার জন্য রাখিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। কিন্তু বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও রাখি আদালতে হাজিরা দেননি। এর ফলে শনিবার বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এই ঘটনায় ফের একবার বিতর্কের শিরোনামে এলেন রাখি সাওয়ান্ত।