দুই বিশ্বযুদ্ধ পেরিয়েও অক্ষত ছিল, ফ্রান্সের ছাত্র বিক্ষোভে পুড়ে ছাই ঐতিহাসিক লিমোজ টাউন হল

ফ্রান্সে শিক্ষা ও মূল্যবৃদ্ধি বিরোধী বিক্ষোভে পুড়ে ছাই লিমোজের ঐতিহ্যশালী টাউন হল। দুই বিশ্বযুদ্ধেও অক্ষত থাকা ভবনটি এবার ধ্বংসস্তূপে পরিণত।

Share:

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর ২০২৬: ফ্রান্সে শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে ভঙ্গুর পরিকাঠামো এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রাথমিকভাবে শান্তিপূর্ণ এই বিক্ষোভ ক্রমশ সহিংস হয়ে উঠেছে, যার জেরে পুড়ে ছাই হয়ে গেল লিমোজ শহরের ১৪০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যশালী টাউন হল। ঐতিহাসিক এই ভবনটি দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা পেরিয়েও অক্ষত ছিল, কিন্তু এবার মুখোশধারী বিক্ষোভকারীদের লাগানো আগুনে তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জানা গিয়েছে, টাউন হলটিতে আগুন লাগানোর আগে ব্যাপক লুটপাট চালানো হয়। বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়। রাজধানী প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ সহ বিভিন্ন শহরে সুপারমার্কেট, ফার্মেসি, শৌখিন পণ্যের দোকান, পোশাকের শোরুম এবং ইলেকট্রনিকস পণ্যের দোকানেও লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সপ্তাহব্যাপী ছাত্র বিক্ষোভের জেরে ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে রূপ নেয়। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, সহিংসতার ঘটনায় এখনও পর্যন্ত ১২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কড়া পদক্ষেপ নিলেও সহিংসতা এখনও পুরোপুরি থামেনি।

এই ঘটনা ফ্রান্সের ঐতিহ্য ও সংস্কৃতির উপর এক গভীর আঘাত হেনেছে এবং প্রতিবাদ প্রদর্শনের অধিকারের নামে দেশের সম্পত্তি ধ্বংস করার নীতি কি সত্যিই নাগরিক অধিকারের মধ্যে পড়ে কিনা এই নিয়ে গম্ভীর প্রশ্ন উঠছে।