করণ তোরাণির আইভরি-সোনালী শাড়িতে ভূমি পেডনেকরের রাজকীয় সাজ, মুগ্ধ ফ্যাশন দুনিয়া

করণ তোরাণির আইভরি ও সোনালি শাড়িতে ভূমি পেডনেকরের ‘ওল্ড-ওয়ার্ল্ড’ গ্ল্যামার। সূক্ষ্ম জরির কাজ ও মার্জিত সাজে মুগ্ধ ফ্যাশনপ্রেমীরা। দেখুন তাঁর নজরকাড়া লুক।

Share:

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর আবারও ফ্যাশন দুনিয়ায় নিজের ছাপ রাখলেন। সম্প্রতি ডিজাইনার করণ তোরাণির ‘তোরাণি’ লেবেলের একটি মনোমুগ্ধকর আইভরি ও সোনালি শাড়িতে ক্যামেরাবন্দী হয়ে তিনি ফ্যাশনপ্রেমীদের মন জয় করে নিয়েছেন।

অতিরঞ্জিত জমকালো সাজ এড়িয়ে কীভাবে মার্জিত গ্ল্যামার ফুটিয়ে তুলতে হয়, তা আরও একবার দেখিয়ে দিলেন এই অভিনেত্রী। ভূমি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিগুলি শেয়ার করে লিখেছেন, ‘Loved wearing this @karantorani।’ তাঁর এই সিগনেচার লুক মুহূর্তে ভাইরাল।

আইভরি রঙের সুতি ও অর্গ্যানজা ফ্যাব্রিকের উপর সোনালী সুতোর সূক্ষ্ম এমব্রয়ডারি শাড়িটিকে এক ভিনটেজ লুক দিয়েছে। শাড়ির জমিতে ছড়ানো নরম গোল্ডেন মোটিফ এবং পাড়ের নিখুঁত বর্ডার ড্রেপটিকে মাত্রা যোগ করেছে। হালকা গোলাপি ফ্লোরাল ট্রিম আইভরি ও সোনা রঙের বৈচিত্র্যে এনে দিয়েছে এক কন্ট্রাস্ট। ব্লাউজের ক্ষেত্রে ভূমির পছন্দ ছিল ম্যাচিং আইভরি ব্লাউজ, যার স্ক্যালপড বর্ডার ও সুন্দর নেকলাইন শাড়ির সূক্ষ্ম কাজ দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে।

গয়না প্রস্তুতকারক সংস্থা ‘নীতি সিং জুয়েলারি’-র নিখুঁত গয়নায় সেজেছিলেন ভূমি। গলায় মুক্তো আর ক্রিস্টাল বসানো ফ্লোরাল পেনডেন্ট ও ম্যাচিং স্টেটমেন্ট স্টাড দুল ছিল। চুল পিন আপ করে খোঁপা করে বাঁধা ছিল। মেকআপে ছিল উষ্ণ ছোঁয়া— কনট্যুর করা গাল, শ্যাম্পেন-টোন্ড গ্লো, উইংগড আইলাইনার এবং সফট রোজি ন্যুড লিপস্টিক।

সব মিলিয়ে ভূমির এই উৎসবের সাজ ছিল নিখুঁত ও অত্যন্ত নান্দনিক।