ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: নিউটাউনের আটঘরা পূর্বপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল।
শুক্রবার দুপুরে সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার একটি ঝুপড়িতে আগুন লাগে। দুপুর সাড়ে ৩টে নাগাদ আচমকা বিকট শব্দে পরপর বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িগুলিতে। প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। বাগুইআটি থানা ও ইকোপার্ক থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকর্মীরা ভিড় নিয়ন্ত্রণ করছেন।
এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজারহাট নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়াও ঘটনাস্থলে ছুটে যান। তিনি দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বিধায়ককে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁদের ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, এই ঝুপড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে এবং বাসিন্দাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে একমত হয়ে বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, “এই ঝুপড়ি এলাকা খালি করার কথা অনেক আগে থেকেই বলা হচ্ছে। কিন্তু কেউ কথা শুনছে না। আজকে এমন একটা বিপদ ঘটে গেল।”
অগ্নিকাণ্ডের ফলে আশপাশের বহুতলগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্বস্তির বিষয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








