ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাঝগঙ্গায় যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হয়ে গেল এক নাবালক। শুক্রবার দুপুরে লালবাগ থেকে গঙ্গা পার করার সময় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিখোঁজ নাবালকের নাম অদ্রিজ, তার আনুমানিক বয়স ১২ বছর বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘাট চত্বর এবং সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালকটি একটি কাপড়ের ব্যাগ নিয়ে লঞ্চে উঠেছিল। লঞ্চটি মাঝগঙ্গার দিকে এগোলে সে যাত্রীদের কাছে সাহায্য বা ভিক্ষা চাইতে সামনের দিকে এগোচ্ছিল। সেই সময় ভিড়ের মধ্যে কোনওভাবে পা পিছলে সে সরাসরি উত্তাল গঙ্গায় পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় লঞ্চ থেকে সঙ্গে সঙ্গে লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়া হলেও নদীর তীব্র স্রোতে তা অন্যদিকে ভেসে যায়। কিছু সময় হাত নেড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা চালালেও চোখের নিমেষে জলে তলিয়ে যায় অদ্রিজ। এই দৃশ্য দেখে লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিরুদ্ধ বাগের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় মৎস্যজীবীদের পাশাপাশি নামানো হয় বিশেষজ্ঞ ডুবুরি দল। লাইফ জ্যাকেট পরে ডুবুরিরা গঙ্গার বিভিন্ন প্রান্তে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত নিখোঁজ নাবালকের কোনও সন্ধান মেলেনি।
অন্ধকার নেমে আসার পরেও তল্লাশি অভিযান জারি রয়েছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে ঘাটে অপেক্ষা করছেন এবং তাদের চোখে মুখে অসহায়তা, আশঙ্কা ও শোকের ছাপ স্পষ্ট।








