ব্যুরো নিউজ,২৪অক্টোবর২০২৬: বলিউডপ্রেমীদের জন্য সুখবর! দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন অভিনেতা আমির খান। পরিচালকের আসনে আবারও রাজকুমার হিরানি। আপাতত ছবির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সামনে আসতে পারে এই বহু প্রতীক্ষিত ছবির পরবর্তী আপডেট।
সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন আমির খান। সেখানে তাঁকে সম্মানিত করা হয় ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’-এ। সেই মঞ্চেই ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে কথা বলেন অভিনেতা। তবে প্রকাশ্যে মুখ খোলার আগে পরিচালক রাজকুমার হিরানির অনুমতি নিয়েছিলেন তিনি।
আমির জানান, রাজকুমার হিরানি বর্তমানে ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। তাঁর আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিচালক চূড়ান্ত চিত্রনাট্য তাঁকে শোনাবেন। আপাতত সেই চিত্রনাট্যের অপেক্ষাতেই রয়েছেন তিনি।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ছবি। বন্ধুত্ব, পড়াশোনার চাপ, স্বপ্ন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি এই ছবি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। আমির খানের র্যাঞ্চো, আর মাধবনের ফারহান এবং শরমন যোশীর রাজু—এই তিন চরিত্র আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
তবে সিক্যুয়েলে পুরনো তারকাদের সবাইকে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। করিনা কাপুরের প্রত্যাবর্তন নিয়েও কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। ছবির শুটিং কবে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে, সেই বিষয়েও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এখন নজর রাজকুমার হিরানির চূড়ান্ত চিত্রনাট্যের দিকে। র্যাঞ্চোর প্রত্যাবর্তনের অপেক্ষায় যে দর্শকদের উৎসাহ বাড়বে, তা বলাই যায়।








