সুশান্তের কঠিন সময়ে রিয়ার বার্তা প্রকাশ্যে আনলেন স্মিতা জয়কর

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৬ বছর পর রিয়ার মেসেজ প্রকাশ্যে আনলেন স্মিতা জয়কর। অবসাদগ্রস্ত সুশান্তকে সাহায্য চেয়ে স্মিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়া।

Share:

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেলেও তাঁকে ঘিরে নানা আলোচনা আজও ফিরে আসে।

সম্প্রতি প্রয়াত অভিনেতার জীবনের কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী স্মিতা জয়কর। তাঁর দাবি, সুশান্ত যখন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন, তখন তাঁর সাহায্য চেয়ে স্মিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়া চক্রবর্তী।

স্মিতা জয়কর জানিয়েছেন, তিনি সুশান্তকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং তাঁকে নিজের আশ্রমে নিয়ে গিয়ে একটি হিলিং প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনাও করেছিলেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই সুশান্তর মৃত্যু হয়, যা আজও তাঁর মনে আক্ষেপ তৈরি করে।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে স্মিতা জয়কর সুশান্তের সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি ভাগ করে নেন। অভিনয়ের পাশাপাশি আধ্যাত্মিক ও সামগ্রিক সুস্থতা সংক্রান্ত হিলিং পদ্ধতি নিয়েও কাজ করেন স্মিতা। স্মিতার সঙ্গে রিয়ার পরিচয় হয়েছিল ‘সোনালি কেবল’ ছবিতে একসঙ্গে কাজ করার সময়। সেই সূত্রেই তাঁদের মধ্যে হিলিং নিয়ে কথাবার্তা হয়েছিল।

স্মিতা জানান, সুশান্ত যখন হিন্দুজা হাসপাতালে অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন, তখন রিয়া তাঁকে ফোন করে সুশান্তকে সাহায্য করার জন্য অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়া দিয়েই স্মিতা অভিনেতাকে দেখতে হাসপাতালে যান।

সাক্ষাৎকারে স্মিতা আরও বলেন, সুশান্তের সঙ্গে দেখা করার পর তাঁর বেশ ভালো লেগেছিল। অভিনেতা স্মিতার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলেছিলেন। সেই সময় সুশান্ত সম্ভবত ওষুধও খাচ্ছিলেন বলে জানান স্মিতা। তাঁর কথায়, সুশান্তকে দেখে বেশ খুশি বলেই মনে হয়েছিল।

এই নতুন তথ্য সুশান্তের ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।