ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকার রুপোর সামগ্রী উদ্ধার করল রেল পুলিশ। একটি বড় ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার হাওড়া স্টেশনের পুরনো ডিআরএম অফিসের সামনে থেকে ২৮ বছর বয়সী বিবেককুমার সাউ নামের ওই যুবককে পাকড়াও করে আরপিএফ জওয়ানরা। তাঁর ব্যাগ তল্লাশি করতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় রুপোর থালা, বাটি, প্রদীপ সহ বিভিন্ন সামগ্রী, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া রুপোর সঠিক ওজন ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবক রাঁচির বাসিন্দা। হাওড়া-রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে তাঁর ঝাড়খণ্ডে যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে বড় ব্যাগ নিয়ে তাঁর এলোমেলো ঘোরাফেরা দেখে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ জওয়ানদের। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিক জেরায় ওই যুবক উদ্ধার হওয়া রুপোর সামগ্রীর কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি কোথা থেকে এই বিপুল পরিমাণ রুপো সংগ্রহ করেছিলেন এবং কোথায় তা পাচার করার পরিকল্পনা ছিল, সে বিষয়ে পুলিশকে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এই বিপুল পরিমাণ রুপো কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।
এই ঘটনার পিছনে কোনও বড় পাচার চক্রের হাত রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত রুপোর সামগ্রী। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে।








