ব্যুরো নিউজ,২৫ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর বক্স অফিসে দর্শকদের মন জয় করতে হাজির হয়েছে একের পর এক বাংলা ছবি। সেই প্রতিযোগিতায় নজর কেড়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। ছবিটি দেখে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালকের কাজের প্রশংসা করার পাশাপাশি ছবির গল্প ও যিশু সেনগুপ্তের অভিনয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
ছবি মুক্তির আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার বুম্বাদার জন্য ছবিটি দেখার বিশেষ ব্যবস্থাও করেন তিনি। শুধু প্রসেনজিৎ নন, তাঁর পরিবারের সদস্যরাও একসঙ্গে ছবিটি দেখেন। ছবি দেখার পর সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেতা।
প্রসেনজিৎ জানান, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়—এই দুই পরিচালকের কাজ তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে। তাঁর কথায়, ‘বহুরূপী’ ছবির তুলনায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ আরও বেশি ভালো লেগেছে তাঁর। ছবির গল্পের গতিপ্রকৃতি শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের কৌতূহল ধরে রাখতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি যিশু সেনগুপ্তের অভিনয়ের প্রশংসাও করেন অভিনেতা।
প্রসেনজিতের মতে, বাংলা চলচ্চিত্র শিল্পে এমন মানের ছবি আরও বেশি করে তৈরি হওয়া প্রয়োজন। সাধারণত কোনও ছবির প্রথম পর্ব দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি করে। কিন্তু পরবর্তী পর্ব সেই প্রত্যাশা পূরণ করতে পারে না, এমন উদাহরণও রয়েছে। তবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-এর ক্ষেত্রে সেই সমস্যা হয়নি বলেই মনে করেন তিনি। একই সঙ্গে অভিনেতা হিসেবে শিবপ্রসাদের দক্ষতারও প্রশংসা করেন প্রসেনজিৎ।
এই ছবিতে শিবপ্রাদ মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত ও সোহিনী সরকার। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বহুরূপী শিল্পীদেরও ছবিতে দেখা গিয়েছে। মালদা থেকে বাঁকুড়া—রাজ্যের নানা প্রান্তে তপ্ত গরমের মধ্যে হয়েছে ছবির শুটিং।
সব মিলিয়ে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রশংসা ঘিরে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ আরও বাড়ল।








