১১,০০০ টাকার ওষুধ ১.৩০ লাখে! হাসপাতালের ‘ডাকাতি’তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, কেন্দ্রকেও তোপ

১১,০০০ টাকার ওষুধ ১.৩০ লাখে! হাসপাতালের 'ডাকাতি'তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, কেন্দ্রকেও তোপ। দেখুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: জীবনদায়ী ওষুধ চড়া দামে বিক্রি করে রোগীদের পরিবারকে লুঠ করার অভিযোগ বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নতুন নয়। এবার এই ‘ডাকাতি’র ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ একটি মামলার শুনানিতে এই বিষয়টি নিয়ে সরব হয়। ঘটনাটি সামনে আসে যখন এক ওষুধ ব্যবসায়ীর স্ত্রী এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে একটি ইনজেকশনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ১.৩০ লক্ষ টাকা বিল করে, যার ডিলার মূল্য মাত্র ১১ হাজার টাকা। ব্যবসায়ী বাইরে থেকে ওষুধ এনে দেওয়ার প্রস্তাব দিলেও, হাসপাতাল কর্তৃপক্ষ তা মানতে নারাজ হয়।

আদালতের পর্যবেক্ষণ, ‘হাসপাতাল অন্য উপায়ে চলতে পারে, এই ডাকাতির মাধ্যমে নয়।’ কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় এমন ঘটনা ঘটলেও কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলে আদালত। এই ধরনের লাগামছাড়া মূল্যবৃদ্ধি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন বিচারপতিরা। এই ঘটনা চিকিৎসা ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা আরও কমিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।