ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: চাকরির সূত্রে দুবাইয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন হুগলির চুঁচুড়ার যুবক শোভন রায়। ৩০ বছর বয়সী এই যুবক গত এক সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শেষবার ২১ অক্টোবর মায়ের সঙ্গে কথা হয়েছিল শোভনের। তিনি জানিয়েছিলেন, কিছু টাকা পাঠাচ্ছেন, তা দিয়ে যেন মাংস কেনা হয়। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছে না। দুবাইয়ে ডেলিভারি বয়ের কাজ করতেন শোভন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় এবং বাবার অসুস্থতার কারণে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন।
চুঁচুড়ার বঙ্কিমকাননের বাসিন্দা শোভনের মা সুবর্ণা রায় ছেলের চিন্তায় প্রায় ভেঙে পড়েছেন। তিনি জানান, ‘ছেলে ভালোয় ভালোয় ফিরে আসুক, আর কোনওদিন বিদেশে যেতে হবে না।’ ছেলের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি আঁকড়ে ধরে দিন কাটছে তাঁর। পরিবারের আর্থিক সমস্যার কথা এখন আর ভাবছেন না তিনি, শুধু চান ছেলে নিরাপদে বাড়ি ফিরুক। গত ৯ ফেব্রুয়ারি দুবাইয়ে গিয়েছিলেন শোভন। সেখানে এক বন্ধুর মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছিলেন। বাবা অসুস্থ হওয়ায় এবং সংসারের খরচ সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শোভনের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বিদেশমন্ত্রক এবং দুবাই পুলিশের কাছেও ই-মেল করে আবেদন জানানো হয়েছে। স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরাও শোভনের সন্ধানে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করছেন। শোভনের ভাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন।








