পচা প্যাটিস সরবরাহের অভিযোগ! দুর্গাপুরের কারখানায় যৌথ অভিযান, একটি আউটলেট বন্ধের নির্দেশ

দুর্গাপুরে পচা প্যাটিস সরবরাহের অভিযোগ! কারখানায় যৌথ অভিযান, একটি আউটলেট বন্ধের নির্দেশ। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬:  দুর্গাপুরে একটি নামী মাল্টিপ্লেক্সে পচা প্যাটিস সরবরাহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। এই অভিযোগের ভিত্তিতেই খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে করঙ্গপাড়া এলাকার একটি প্যাটিস কারখানায় হানা দেন। অভিযানে কারখানার ভিতরে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ, কয়েকদিন আগে সিটি সেন্টারের এক মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে এক পরিবার প্যাটিস কিনে খান। অভিযোগ, প্যাটিসটি পচা ছিল এবং তাতে ছত্রাক জন্মেছিল।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই প্রশাসন তৎপর হয়ে ওঠে। অভিযান চলাকালীন দেখা যায়, কারখানায় খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে না। ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অপরিচ্ছন্ন পরিবেশ, কাঁচামাল সংরক্ষণে গাফিলতি, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং পচা আলু ও বাসি মাংস মজুত থাকার মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই পরিস্থিতিতে, খাদ্য সুরক্ষা দপ্তর অবিলম্বে একটি আউটলেট বন্ধের নির্দেশ দিয়েছে।

পাশাপাশি, কারখানাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, শহরের সমস্ত খাবারের দোকান ও কারখানায় নিয়মিত নজরদারি চালানো হবে।