ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: দুর্গাপুরের মুচিপাড়ার একাধিক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের ছবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম ও পুলিশের যৌথ অভিযানে হোটেলের রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবারের বিশাল সম্ভার। কোথাও চিকেনে ছত্রাক, কোথাও পনিরে ফাঙ্গাস – এমন ভয়ংকর চিত্র দেখে হতবাক আধিকারিকরা। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, মানুষের খাবার সংরক্ষণের ফ্রিজেই কুকুরের খাবার রাখা ছিল।
অভিযান চলাকালীন হোটেলের ফ্রিজ ও স্টোররুম থেকে উদ্ধার হয় বহু পুরনো মশলা, বাসি ভাত, বাসি তরকারি সহ নানা ধরনের খাদ্য সামগ্রী। অনেক খাবারে পচন ধরেছিল এবং ছত্রাকও দেখা যায়। এই অস্বাস্থ্যকর খাবার গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা জানান, মজুত করা খাবারের গায়ে কোনও উৎপাদনের তারিখ বা প্রয়োজনীয় ট্যাগ ছিল না। ফলে কোন খাবার কবে তৈরি হয়েছে, তা বোঝা যায়নি। মানুষের খাবারের সঙ্গে একই ফ্রিজে কুকুরের খাবার রাখার বিষয়টি নজরে আসতেই হোটেল কর্তৃপক্ষকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন আধিকারিকরা। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। কুকুরের খাবার মানুষের খাবার থেকে সম্পূর্ণ আলাদা জায়গায় রাখার কড়া নির্দেশও দেওয়া হয়েছে।
খাদ্য সুরক্ষা দপ্তরের দুর্গাপুরের আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, এই অভিযানে বাসি, পচা ও পুরনো খাবার উদ্ধার হয়েছে। মানুষের খাবারের সঙ্গে কুকুরের খাবার আলাদা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট হোটেলগুলিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।








