অক্সফোর্ডের আদলে কলেজ স্ট্রিট, ব্যাংককের মতো হকার জোন: কলকাতার নতুন সৌন্দর্যায়ন প্রকল্প

কলকাতার কলেজ স্ট্রিটকে অক্সফোর্ডের আদলে এবং শহরজুড়ে ব্যাংককের মতো হকার জোন তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের। বড়সড় সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা।

Share:

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: রাজ্য জুড়ে এক মেগা সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা করল রাজ্য সরকার।

এবার কলকাতার কলেজ স্ট্রিট সেজে উঠবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে। পাশাপাশি, ব্যাংককের আদলে কলকাতা, হাওড়া ও সল্টলেকের ফুটপাতমুক্ত করে গড়ে তোলা হবে ‘হকার জোন’। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি)-র সঙ্গে নয়টি গুরুত্বপূর্ণ এলাকার আধুনিকীকরণের জন্য রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর চুক্তি স্বাক্ষর করেছে।

এই প্রকল্পের আওতায় ট্যাংরার চায়না টাউনকেও আন্তর্জাতিক মানের করে তোলা হবে। গঙ্গার দুই তীর, মায়াপুর এবং চন্দননগরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকেও বিশ্বমানের সৌন্দর্যায়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই চুক্তিগুলি বাস্তবায়নের মাধ্যমে শহরগুলির পরিকাঠামো উন্নত হবে এবং পর্যটন শিল্পও লাভবান হবে। বিশেষ করে, কলেজ স্ট্রিটকে বইয়ের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যাংককের মতো পরিকল্পিত হকার জোন তৈরি হলে পথঘাট যেমন পরিষ্কার থাকবে, তেমনই ছোট ব্যবসায়ীরাও একটি নির্দিষ্ট জায়গায় নিজেদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। এই প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য কলকাতা, হাওড়া ও চন্দননগর পুরসভার সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে।