ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: পাকিস্তানের জ্বালানি সংকট চরমে পৌঁছেছে। ইরান সীমান্ত দিয়ে এলপিজি আমদানি ব্যাহত হওয়ায় সে দেশে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হয়েছে। এই বিপুল মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সে দেশের রিকশাচালকরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অনেক রিকশাচালককে পরিবারের মুখে দুবেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে।
জানা গিয়েছে, গত ১৭ অক্টোবর থেকে ইরানের সঙ্গে পাকিস্তানের দুটি সীমান্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় এলপিজি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে মাত্র কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৫৪ শতাংশ বেড়ে ৭ হাজার পাকিস্তানি রুপিতে দাঁড়িয়েছে। খোলা বাজারে প্রতি কেজি এলপিজির দাম ৬০০ রুপি পর্যন্ত পৌঁছেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে লাহোরের রিকশাচালকরা এই মূল্যবৃদ্ধির ফলে চরম বিপাকে পড়েছেন।
সেখানকার রিকশা ইউনিয়নের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ রিকশা এলপিজিতে চলে। গ্যাসের দাম বাড়ায় তারা রিকশা নিয়ে বেরোতে পারছেন না, ফলে রোজগার বন্ধ। পরিবারের জন্য খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। লাহোরের এক রিকশাচালক রশিদ আলি জানান, আগে যেখানে দিনে ১৭০০-১৮০০ রুপি আয় হতো, এখন সারাদিন খেটেও ৮০০ রুপি আয় করা কঠিন হয়ে যাচ্ছে। অথচ রান্নার গ্যাস থেকে শুরু করে সংসারের খরচ লাগাতার বেড়েই চলেছে। সরকারের আশ্বাস সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন তারা।










