ওড়িশা উপকূলে সফল ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, প্রতিরক্ষা শক্তিতে আরও এক ধাপ এগোল ভারত!

ওড়িশা উপকূলে 'প্রলয়' ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে এটি এক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: শত্রুর বুকে কাঁপন ধরাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূল থেকে এই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের গতি ঘণ্টায় প্রায় ৭৫০০ কিলোমিটার।

যদিও এটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, তবে এর রেঞ্জ ৫০০ কিলোমিটার পর্যন্ত। ‘প্রলয়’ ৭০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম, যা এর ধ্বংসাত্মক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই সফল পরীক্ষা ভারতের ‘আত্মনির্ভর’ প্রতিরক্ষা নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই যুগান্তকারী সাফল্যের খবরটি এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন। তিনি লেখেন, ‘ডিআরডিও আজ সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সংগৃহীত তথ্য অনুযায়ী, পরীক্ষাটি নির্ধারিত সমস্ত লক্ষ্য সফলভাবে পূরণ করেছে।’

এই পরীক্ষা ভারতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের অবস্থানকেও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।