ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: রাজনৈতিক পালাবদলের জেরে এবার নিমতিতা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান পদে জয়ী হল বিজেপি। ২৯ জন সদস্যের ভোটাভুটিতে ১৬টি ভোট পেয়ে বিজেপির তুলোপতি হালদার এই পদে নির্বাচিত হয়েছেন। যদিও প্রধানের পদ তৃণমূলের হাতেই রয়েছে, তবে উপপ্রধানের এই জয়কে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সামশেরগঞ্জে। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে এই নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল। শেষ পর্যন্ত ১৬-১৩ ভোটে বিজেপি সদস্যের জয় নিশ্চিত হয়।
উল্লেখ্য, নিমতিতা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ৩০। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ১৮টি, বিজেপি ৬টি, কংগ্রেস ৪টি এবং নির্দল ২টি আসনে জয়লাভ করেছিল। পরে বিজেপি’র এক সদস্য তৃণমূলে যোগ দেন। এর মাঝে গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে পঞ্চায়েতে জয়ী তৃণমূলের সদস্যরা ‘নির্দল’ বলে দাবি করেন। এই পরিস্থিতিতে শুক্রবার উপপ্রধান নির্বাচনে ২৯ জন সদস্য উপস্থিত ছিলেন। নির্বাচন ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই পঞ্চায়েত চত্বরে মোতায়েন ছিল পুলিশ। ভোটপর্ব শান্তিপূর্ণভাবেই মিটেছে বলে দাবি করেছেন পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান সদস্য বিজেপি’র অলোক দাস। তিনি জানান, সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই তুলোপতি হালদারকে উপপ্রধান করা হয়েছে। বিজেপির সামশেরগঞ্জ ৩ নম্বর মণ্ডলের সম্পাদক আস্তিক সিংহের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পরে এই সাফল্য সম্ভব হয়েছে সদস্যদের সমর্থনেই।
কিছু দিন আগেই অনাস্থা প্রস্তাব এনে উপপ্রধানের পদ থেকে অপসারিত করা হয়েছিল অলোককুমার দাসকে। এর পরেই ব্লক প্রশাসনের তরফে নতুন উপপ্রধান নির্বাচনের দিন ঘোষণা করা হয়। তৃণমূলের প্রতীকে জয়ী সামিউল হক জানান, তাঁর নেতৃত্বে থাকা ১৩ জন নির্দল সদস্য এবং বিজেপি’র তিন জন সদস্য উপপ্রধানের পক্ষে ভোট দিয়েছেন।








