ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: যাত্রীদের লাইনে দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলেছে। এবার থেকে ট্রেনের টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হবে না।
পূর্ব রেলের মালদহ ডিভিশন এক যুগান্তকারী পদক্ষেপ নিল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মালদহ ডিভিশনের পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে একসঙ্গে চালু করা হয়েছে নয়টি অত্যাধুনিক অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (ATVM)। এর ফলে উৎসবের মরশুমে টিকিট বিক্রির চাপ সামলানো সহজ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। নতুন মেশিনগুলি ভাগলপুর স্টেশনে তিনটি, সাহেবগঞ্জ ও নিউ ফারাক্কা স্টেশনে দুটি করে এবং জামালপুর ও বারহরওয়া স্টেশনে একটি করে বসানো হয়েছে। এই নয়টি মেশিন যুক্ত হওয়ায় মালদহ ডিভিশনে মোট এটিএম (ATVM)-এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১টি।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রী পরিষেবার মানোন্নয়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে টিকিট কাউন্টারের উপর নির্ভরতা কমবে এবং যাত্রীদের মূল্যবান সময় বাঁচবে। মেশিনগুলি ব্যবহারের সুবিধার জন্য স্টেশনগুলিতে ফেসিলিটেটরও মোতায়েন করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন মেশিনগুলিতে ইউপিআই সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্টের সুবিধা রয়েছে। ফলে যাত্রীরা নগদ টাকা ছাড়াই দ্রুত টিকিট কাটতে পারবেন।
ভারতীয় রেলের এই প্রযুক্তি নির্ভর পদক্ষেপ যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে বলে আশা করা হচ্ছে।










