ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর কি এবার অভিনয়ের পাশাপাশি পরিচালনার জগতে পা রাখতে চলেছেন? সম্প্রতি তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অভিনেতা জানিয়েছেন, আগামী ২-৩ বছরের মধ্যেই পরিচালনায় হাতেখড়ি দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। এমনকী অভিনেতা হিসেবে নিজের কেরিয়ারের আগামী দশকটিকেই শেষ দশক বলে উল্লেখ করেছেন তিনি। তবে এখনই অভিনয় ছাড়ার কোনও ঘোষণা করেননি রণবীর।
সম্প্রতি ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রচারে সহ-অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান অভিনেতা। রণবীর জানান, কয়েক মাস আগে থেকেই নিজের পরিচালনায় প্রথম ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তাঁর কথায়, নতুন গল্প তৈরি করা অত্যন্ত কঠিন। এই অভিজ্ঞতার পর লেখক ও চিত্রনাট্যকারদের প্রতি তাঁর শ্রদ্ধা আরও বেড়েছে।
কেমন ধরনের ছবি পরিচালনা করতে চান রণবীর? অভিনেতার পছন্দ মূলত এমন গল্প, যা দর্শকদের মনে আনন্দ ও উষ্ণতা তৈরি করবে। ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং পরিচালক রাজকুমার হিরানির ছবিগুলির উদাহরণ দিয়ে তিনি জানান, একটি সুন্দর পারিবারিক ড্রামা তৈরি করতে চান তিনি।
তবে পরিচালনায় নামার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিনয়ের কাজ শেষ করতে চান রণবীর। তাঁর তালিকায় রয়েছে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিম্যাল পার্ক’ এবং ‘রামায়ণ: পার্ট ২’। অভিনেতার কথায়, তিনি নিজের পরিচালিত ছবিতে নিজে অভিনয় করতে চান না।
উল্লেখ্য, রণবীর বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন। এবার দেখার, অভিনেতা থেকে পরিচালক হিসেবে তাঁর নতুন ইনিংস দর্শকদের কতটা মুগ্ধ করে!










