ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: দেশের নাগরিক জীবনে আধার কার্ড এখন এক অপরিহার্য অংশ। হোটেল বুকিং থেকে শুরু করে হাসপাতালে ভর্তি, সব কাজেই লাগে এই কার্ডের ফটোকপি। তবে এবার এই পুরনো পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে UIDAI।
পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও নিরাপদ ও সহজ করতে ডিজিটাল পদ্ধতির উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে ৩০০ টিরও বেশি সংস্থা অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটি হিসেবে যুক্ত হয়েছে। এর ফলে আধার কার্ডের ফিজিক্যাল ফটোকপি জমা না দিয়েই পরিচয় যাচাই করা সম্ভব হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা চালু হয়েছে।
এর মূল সুবিধা হল, সংশ্লিষ্ট সংস্থাগুলি UIDAI-এর কেন্দ্রীয় ডেটাবেসে সরাসরি প্রবেশ না করেই ব্যক্তির পরিচয় যাচাই করতে পারবে। এতে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কাও কমবে। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে আধার অ্যাপ। ব্যবহারকারীর স্পষ্ট সম্মতি নিয়েই অ্যাপের মাধ্যমে নিজের তথ্য শেয়ার করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পদ্ধতিতে ব্যবহারকারীর ১২ সংখ্যার আধার নম্বর বা সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য সংস্থার কাছে যাবে না। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কিছু তথ্য যাচাইয়ের জন্য দিতে পারবেন।
UIDAI জানিয়েছে, এই ডিজিটাল পদ্ধতি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। শুধু পরিচয় যাচাই নয়, আধার অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট, ঠিকানা পরিবর্তন এবং ইমেল আপডেটের মতো পরিষেবাও জনপ্রিয় হচ্ছে। বায়োমেট্রিক লক ও আনলক পরিষেবার ব্যবহারও বাড়ছে, যা আধারকে আরও বেশি ডিজিটাল ও ব্যবহারকারী বান্ধব করে তুলছে।









