ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: ভূত চতুর্দশীর রাতে অন্ধকারে আলো জ্বালিয়ে প্রিয়জনদের স্মরণ করবেন হাজার হাজার মানুষ। বাংলাদেশের বরিশালের ঐতিহ্যবাহী কাউনিয়া মহাশ্মশানে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বিশেষ শ্মশান দীপাবলি উৎসবের। হাজার হাজার প্রদীপ ও মোমবাতির আলোয় সেজে উঠবে গোটা এলাকা। এই উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
প্রায় ২০০ বছরের পুরনো বরিশাল মহাশ্মশানটি কাউনিয়া ও নতুন বাজার এলাকায় অবস্থিত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯২৭ সাল থেকে এখানে নিয়মিত শ্মশান দীপাবলি উৎসব পালিত হয়ে আসছে। প্রায় ৫ একর ৯৬ শতাংশ জায়গাজুড়ে বিস্তৃত এই মহাশ্মশানে একসময় সাত হাজারেরও বেশি সমাধি ছিল বলে জানা যায়।
কী হয় এই বিশেষ রাতে? কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীতে স্বজন হারানো মানুষজন তাঁদের পূর্বপুরুষ ও প্রিয়জনদের স্মৃতির উদ্দেশে সমাধির পাশে মোমবাতি ও প্রদীপ জ্বালান। প্রয়াতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনাও করেন তাঁরা। শোক আর স্মৃতির সঙ্গে মিশে যায় আলোর উৎসব। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারত, নেপাল-সহ অন্য দেশ থেকেও বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন।
এই মহাশ্মশানের ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। এখানে রয়েছে বিপ্লবী ও সমাজসংস্কারক অশ্বিনী কুমার দত্তের সমাধি। কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ এবং পিতামহ সর্বানন্দ দাশের সমাধিও রয়েছে এই এলাকায়। ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্বের স্মৃতিও জড়িয়ে রয়েছে এই স্থানের ইতিহাসে।
উৎসব উপলক্ষে ইতিমধ্যেই নিরাপত্তা, যাতায়াত এবং অন্যান্য প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন ও মহাশ্মশান রক্ষা কমিটি। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখার এক অনন্য প্রয়াস।









