আদালতের রায়েও AI-র কারসাজি? মধ্যপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

এআই দিয়ে তৈরি ভুয়ো সুপ্রিম কোর্টের রায়ের নজির পেশ করায় মধ্যপ্রদেশ সরকারকে কড়া ভর্ৎসনা করল হাইকোর্ট।

Share:

ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর ২০২৬: মধ্যপ্রদেশ হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করেছে। এক পুলিশ আধিকারিকের বরখাস্তের বিরুদ্ধে করা মামলায় জবাব দিতে গিয়ে সরকারপক্ষ সুপ্রিম কোর্টের এমন এক রায়ের উল্লেখ করেছে, যার কোনও অস্তিত্বই নেই। আদালতের পর্যবেক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের সাহায্যে তৈরি কাল্পনিক নজির যাচাই না করেই পেশ করা হয়েছে।

‘পীযূষ মণি তিওয়ারি বনাম মধ্যপ্রদেশ রাজ্য’ মামলায় রাজ্য সরকার দাবি করেছিল, সংবিধানের ২২৬ অনুচ্ছেদের আওতায় আদালত প্রমাণের নতুন করে মূল্যায়ন করতে পারে না। সেই যুক্তির পক্ষে জবাবে ‘স্টেট অব অন্ধ্রপ্রদেশ বনাম এস এস মহম্মদ নিসার’ নামে একটি সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করা হয়। এর সঙ্গে দেওয়া হয় ২০০৮ সালের একটি রিপোর্টের নম্বর। কিন্তু বিচারপতি বিবেক কুমার সিং জানান, ওই নামে কোনও রায় নেই।

আদালত খতিয়ে দেখে জানায়, দেওয়া নম্বরটি আসলে ‘সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মা বনাম দিল্লি রাজ্য’ মামলার। সেই মামলাটি ছিল ফৌজদারি আপিলে সাজা স্থগিত রাখার বিষয়ে, যা রাজ্য সরকারের যুক্তির সঙ্গে সম্পর্কিত নয়।

বিচারপতির মতে, ভুয়ো মামলার নামের সঙ্গে অন্য মামলার নম্বর জুড়ে দেওয়ায় স্পষ্ট, এআইয়ের সাহায্যে তৈরি তথ্য যাচাই না করেই নথিতে ঢোকানো হয়েছে। বিচারপতি এই জবাবকে ‘দায়িত্বজ্ঞানহীন ও উদাসীন’ বলে মন্তব্য করেন। সাংবিধানিক আদালতে পেশ করা নথি গুরুত্বপূর্ণ; তাই প্রতিটি আইনি যুক্তি ও মামলার তথ্য যাচাই করা জরুরি, জানান তিনি। যাচাই ছাড়া কাল্পনিক নজির পেশ করলে আদালতের মূল্যবান সময় নষ্ট হয় এবং আদালতকে বিভ্রান্ত করার আশঙ্কা থাকে। এমন ‘বেপরোয়া চর্চা’ বন্ধ করতে রাজ্যকে সতর্ক করেছে হাইকোর্ট। রায়ের একটি কপি রাজ্যের আইনসচিব ও অ্যাডভোকেট জেনারেলের দফতরে পাঠানো হয়েছে।