আমেরিকায় দীপাবলিকে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়ার উদ্যোগ! ১৯ মার্কিন আইনপ্রণেতার সমর্থনে কংগ্রেসে ফিরল বিল!

আমেরিকার কংগ্রেসে দীপাবলিকে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়ার বিল পেশ। ১৯ জন সাংসদের সমর্থন, যা এই উৎসবের আন্তর্জাতিক গুরুত্ব বাড়াচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: আমেরিকায় দীপাবলিকে জাতীয় স্তরে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়ার উদ্যোগ ফের শুরু হল। মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নতুন করে পেশ করা হয়েছে ‘দীপাবলি ডে অ্যাক্ট’। এই প্রস্তাবের নেতৃত্বে রয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। বিলটির পাশে দাঁড়িয়েছেন মোট ১৯ জন আইনপ্রণেতা, যাঁদের মধ্যে রয়েছেন পাঁচ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংসদ—রাজা কৃষ্ণমূর্তি, সুহাস সুব্রহ্মণ্যম, শ্রী থানেদার, রো খান্না এবং অমি বেরা।

প্রস্তাবটি আইনে পরিণত হলে আমেরিকার ১২তম স্বীকৃত ফেডারেল ছুটি হিসেবে জায়গা পাবে দীপাবলি। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই উপলক্ষে ছুটি পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যের সরকারি স্বীকৃতিও মিলবে।

হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দীপাবলির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরেছেন গ্রেস মেং। তাঁর বক্তব্য, এই উৎসব অশুভের বিরুদ্ধে শুভ এবং অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের জয়ের প্রতীক। আমেরিকায় হিন্দু ও দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষের ঘটনা নিয়ে উদ্বেগের আবহেও এই বিলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রস্তাবের সমর্থকেরা।

তবে বিলটি এখনও প্রস্তাবের পর্যায়ে। কংগ্রেসের অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর পেলেই কেবল তা আইনে পরিণত হবে।