সামান্য বাজি নিয়ে বচসা থেকে গুলি! রাষ্ট্রপতির দেহরক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ

উত্তরপ্রদেশে বাজি ফাটানো নিয়ে বিবাদ চরমে, রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ। মাথায় গুলি লেগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

Share:

ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: উত্তরপ্রদেশের বাগপতে এক মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ হয়েছেন। দীপাবলির ছুটিতে গ্রামে এসে ভাইদের সঙ্গে বাজি ফাটানোর সময় সৌরভ তোমার নামে ওই যুবক প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই বিবাদের জেরে প্রতিবেশীরা তাঁকে গুলি করে। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বাগপত জেলার রামলা থানা এলাকার গোপালপুর খাদানা গ্রামে। ২০২১ সালে রাষ্ট্রপতি ভবনে দেহরক্ষী বাহিনীতে যোগ দেন সৌরভ। দুদিন আগেই তিনি ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছিলেন। রবিবার রাতে বাড়ির বাইরে ভাইদের সঙ্গে বাজি ফাটানোর সময় গ্রামেরই ধীরাজ ও মনু নামে দুই যুবক সেখানে এসে হাজির হয়। বাজি ফাটানো নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। সৌরভের পরিবারের অভিযোগ, প্রতিবেশীরা গালিগালাজ শুরু করলে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সেই সময় ধীরাজ একটি পিস্তল বের করে গুলি চালায়। গুলিটি দেওয়ালে লেগে ছিটকে এসে সৌরভের কানের পাশে মাথায় লাগে। রক্তে ভেসে যায় তাঁর মাথা। এই ঘটনায় পরিবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সৌরভের ভাইয়েরা প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সৌরভের বাবা জনক রাজের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধীরাজ ও মনুর বিরুদ্ধে মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাষ্ট্রপতির দেহরক্ষীর উপর এই হামলা গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।