একসময় ছিলেন ঘনিষ্ঠ, তারপর দূরত্ব! বচ্চন পরিবারকে নিয়ে সোনিয়ার আত্মজীবনীতে কী লেখা?

সনিয়া গান্ধীর আত্মজীবনীতে উঠে এল বচ্চন পরিবারের সঙ্গে তাঁর প্রথম দিনের স্মৃতি। কেন ভেঙেছিল দুই পরিবারের বন্ধুত্ব, জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সম্প্রতি তাঁর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশ করেছেন। এই বইয়ের পাতাতেই উঠে এসেছে একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ গান্ধী ও বচ্চন পরিবারের কিছু অজানা স্মৃতি। সোনিয়া গান্ধী জানিয়েছেন, ১৯৬৮ সালে ভারতে আসার পর তিনি প্রথম আশ্রয় নিয়েছিলেন হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের বাড়িতে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ হওয়ায় বচ্চন দম্পতি সোনিয়াকে পরিবারের সদস্যের মতোই আপন করে নিয়েছিলেন।

সোনিয়া ভালোবেসে হরিবংশ রাই বচ্চনকে ‘আঙ্কেল বচ্চন’ বলে ডাকতেন এবং তাঁর কাছ থেকে জীবনের অমূল্য উপদেশও পেয়েছিলেন। রাজীব গান্ধী ও অমিতাভ বচ্চনের বন্ধুত্বও ছিল কিংবদন্তী। দুই পরিবারের মধ্যে ছিল গভীর আত্মিক টান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কে চিড় ধরে। ঠিক কী কারণে এই দূরত্ব তৈরি হয়েছিল, তা আজও পুরোপুরি স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘বোফর্স কেলেঙ্কারি’ এই ঐতিহাসিক বন্ধুত্বে বড় আঘাত হেনেছিল। শোনা যায়, গান্ধী পরিবারের মনে হয়েছিল যে চরম দুঃসময়ে অমিতাভ বচ্চন তাঁদের পাশে দাঁড়াননি। এই ঘটনা থেকেই দুই পরিবারের মধ্যে তিক্ততা ও ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়। পরবর্তী সময়ে অমিতাভ বচ্চনের বিভিন্ন বক্তব্যেও দুই পরিবারের সেই শীতল সম্পর্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। গান্ধী ও বচ্চন পরিবারের এই বন্ধুত্বের উত্থান-পতন আজও অনেকের কাছে এক আলোচনার বিষয়।